৯ সেপ্টেম্বর ২০২৬
preview
গণতন্ত্রকে টিকিয়ে রাখতে গণমাধ্যমকে বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

মো. নূর নবী শেখ

গণতন্ত্রের মূল শক্তি হলো গণমাধ্যম। তাই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও বাঁচিয়ে রাখতে হবে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র শুধু একটি ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে মানুষের মনমানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং পুরোনো কর্তৃত্ববাদী চিন্তা থেকে বেরিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে। আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এলেও মানসিকতার পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দীর্ঘদিন পর একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই এখন গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। সরকারের ভুল-ত্রুটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি ভালো কাজগুলোও জনগণের সামনে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে জনগণের নির্বাচিত সরকারকে কাজ করার জন্য সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, প্রেস ক্লাবের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি আত্মিক সম্পর্কও। জীবনের সবচেয়ে দুঃসময়ে সাংবাদিকরা পাশে ছিলেন, যা তার কাছে বড় প্রাপ্তি।

সাংবাদিকদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বলেন, তার অবস্থান থেকে যা সম্ভব, তিনি তা করার চেষ্টা করবেন। বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে ট্রাস্টের অধীন পত্রিকাগুলো পুনরায় চালু করা গেলে অন্তত এক হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সাংবাদিক সমাজের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিভক্তি কখনো সাফল্য বয়ে আনে না। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক সময়ে প্রেস ক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানান। সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, প্রেস ক্লাবের একজন সদস্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তারা গর্বিত।

সদস্য কাদের গনি চৌধুরী দায়িত্বশীল গণমাধ্যমের ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন এবং দ্রুত দশম ওয়েজবোর্ড বাস্তবায়নের আহ্বান জানান। প্রেস ক্লাবের অবকাঠামো সম্প্রসারণের অনুরোধ জানানো হলে রাষ্ট্রপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনিসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com