১৮ সেপ্টেম্বর ২০২৬
preview
ত্রিশালে সিএনজিতে বাসের চাপায় নিহত ২

মো. নূর নবী শেখ

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বয়স আনুমানিক ২৮ ও ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনাইটেড পরিবহনের একটি বাস ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাজির শিমলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। পরে সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার সময় বাসে থাকা এক যাত্রী বৃষ্টি আক্তার বলেন, বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, দুর্ঘটনায় আহত দুজন পুরুষকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা তাদের মৃত অবস্থায় পাই। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের একজনের বয়স আনুমানিক ৩০ বছর এবং অপরজনের ২৮ বছর।

ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হালিম বলেন, ডিউটিরত অবস্থায় কাজীর শিমলা এলাকায় পৌঁছে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি ও মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা দেখতে পাই। এতে বাসটি উল্টে যায় এবং কয়েকজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর রেকার দিয়ে যানবাহন সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। তবে বাসের চালক ও হেলপারের অবস্থা সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com