২৪ সেপ্টেম্বর ২০২৬
preview
এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

মো. নূর নবী শেখ

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের এই বিশাল জয়ে মূল ভূমিকা রাখেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম, দুজনই জোড়া গোল করেন। দলের পক্ষে অপর গোলটি করেন মাহবুব হোসেন।

পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক হকি উপহার দেয় বাংলাদেশ। প্রতিপক্ষের অর্ধে ক্রমাগত চাপ সৃষ্টি করে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার (পিসি) আদায় করে নেয় তারা, যা শ্রীলঙ্কার রক্ষণভাগকে রীতিমতো দিশেহারা করে ফেলে। অন্যদিকে, বাংলাদেশের তৈরি করা প্রবল চাপের মুখে শ্রীলঙ্কার হয়ে কেবল একটি গোল শোধ করতে সক্ষম হন কুশল।

এই জয়ের মধ্য দিয়ে আসরে টানা দুই হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল লাল-সবুজ প্রতিনিধিরা।

তিন ম্যাচ শেষে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com