মো. নূর নবী শেখ
নেত্রকোনার মদনে জানাজার নামাজে অংশ নিতে এসে চুরি হওয়া একটি মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ায়ী মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাজহারুল ওই এলাকার বাসিন্দা সবুজ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মদন উপজেলার চানগাঁও শাহপুর এলাকার বাসিন্দা শামসুল হক চ্যাম্পিয়ন (৩৮) একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে করে তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে যান। সেখানে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আল আক্কাসের জানাজায় অংশ নেন তিনি। এসময় কবরস্থানের পাশে মোটরসাইকেলটি রেখে দেন।
জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে পাননি। পরে বিষয়টি জানিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মদন থানায় মামলা করেন শামসুল হক। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলা হওয়ার পর মদন থানার একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ঈশ্বরগঞ্জের তেলুয়ায়ী মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাজহারুল ইসলাম জয়কে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া থানার দরগাহ রোড এলাকায় লতিফের চায়ের দোকানের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার টাকা। এটি জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতার মাজহারুলকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com