মো. নূর নবী শেখ
বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৪) ও পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী আটিপাড়া এলাকার ব্যবসায়ী সেলিম সরদার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক সৌরভ, আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর থানার পুলিশ সদস্যরা নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ বাসটিকে জব্দ করতে সক্ষম হলেও এর চালক ও সহকারী পালিয়ে যান।
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com