৩০ সেপ্টেম্বর ২০২৬
preview
ভালোবাসা জীবনের অংশ : রাইমা

মো. নূর নবী শেখ

৪৬ বছর বয়সে বিয়ে না করলেও প্রেমের প্রতি বিশ্বাস রয়েছে অভিনেত্রী রাইমা সেনের। প্রেম-ভালোবাসাকে জীবনের অংশ বলে মনে করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে ও নিজের জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

এ সময় রাইমা বলেন, ‘প্রেম খুব হেলদি। খুশি থাকার জন্য ভালোবাসা ছাড়া জীবনের অর্থই বা কি! ভালোবাসা জীবনের অংশ। আমাদের একটাই জীবন, তাও ভীষণ ছোট। মন খুলে উপভোগ করো। এমনিতেও এক দিন না এক দিন মরে যেতে হবে। অন্তত মরার আগে একটু আনন্দ করো।’

রাইমা সেন অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে এবং কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। অভিনয় পরিবারের উত্তরাধিকার থাকলেও নিজের অভিনয় দিয়ে আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। বাংলা সিনেমার পাশাপাশি টলিউড ও বলিউডের বিভিন্ন কাজেও দেখা গেছে তাকে।

সাক্ষাৎকারে রাইমা জানান, নির্দিষ্ট বয়সে বিয়ে করতেই হবে এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। তার মা মুনমুন সেন অবশ্য মেয়ের বিয়ে নিয়ে কিছুটা চিন্তিত। তবে রাইমা নিজের জীবন নিজের মতো করেই কাটাতে চান।

রাইমার মতে, তার জীবনে আসা কিছু মানুষ হয়তো বিয়ের কথা ভেবেছিলেন। কেউ কেউ তাকে নিয়ন্ত্রণও করতে চেয়েছেন। কিন্তু স্বাধীনচেতা রাইমার সঙ্গে সেই মানসিকতা মেলেনি।

জীবনসঙ্গী হিসেবে মনের মতো কাউকে খুঁজে পাননি উল্লেখ করে রাইমা বলেন, যার সঙ্গে গোটা জীবনটা কাটাতে চাই তেমন কাউকে পাইনি। এমন ছেলে দরকার, যে আমার মতো ম্যাচ মেকিং। যে জীবনকে খুব সিরিয়াসলি নেবে না।

জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রেও কোনো তাড়াহুড়া করতে চান না রাইমা। তার বিশ্বাস, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা পরিকল্পনা করে আসে না, হঠাৎ করেই ঘটে। অভিনয়ে যেমন আচমকা সুযোগ এসেছিল, তেমনি কোনো এক দিন অপ্রত্যাশিতভাবেই বিশেষ কারও ফোন আসতে পারে— এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com