৩ অক্টোবর ২০২৬
preview
বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মো. নূর নবী শেখ

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬জন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫), নজরুল খানের ছেলে আমিন খান (২২) ও জামাল মাস্টারের ছেলে শোয়েব (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাববোঝাই একটি নসিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই রিমন মোল্লা ও আমিন খানের মৃত্যু হয়। গুরুতর আহত সোয়েবকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিফাত খান জানান, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ ছাড়া আহত অবস্থায় ছয়জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন বাবুল খানের ছেলে মোহাম্মদ রিয়াদ, গুলিশাখালী এলাকার লুৎফর হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম, মো. সিয়াম, পিরোজপুরের লক্ষণ চন্দ্র দাসের ছেলে উজ্জ্বল চন্দ্র দাস, অপর্ণা দাস ও তার আড়াই বছর বয়সী শিশু উমা দাস।

দুর্ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ সময় স্থানীয়রাও উদ্ধারকাজে সহযোগিতা করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে, সংঘর্ষের ঘটনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com