৪ অক্টোবর ২০২৬
preview
সিরিয়াল কিলার লুকে চঞ্চল

মো. নূর নবী শেখ

‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে দুই বছর আগে টালিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। এবার সেই সিনেমার প্রিক্যুয়াল আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

তবে বড়পর্দায় নয়, ওয়েব সিরিজ হিসেবে আসছে এই নতুন গল্প, যেখানে রহস্যময় এক সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের আরেক খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি সিরিজটিতে তার লুক প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, আগামী ডিসেম্বরে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে ‘চালচিত্র : দ্য একচালা মার্ডারস’ নামের এই সিরিজটি।

এর আগে ‘চালচিত্র’ সিনেমায় ব্রাত্য বসু অভিনীত ‘ভুবন হালদার’ চরিত্রটির তরুণ বয়সের গল্প তুলে ধরা হবে এই প্রিক্যুয়ালে। একজন সাধারণ মানুষ কীভাবে ধীরে ধীরে নৃশংস সিরিয়াল কিলারে পরিণত হয়, সেই রূপান্তরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও তার অতীত ইতিহাসই ফুটে উঠবে এই সিরিজের মূল গল্পে।

নতুন এই চরিত্র ও অভিজ্ঞতা নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘একটি সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছি, সিনেমায় যে চরিত্রটি ব্রাত্য বসু করেছিলেন। চরিত্রটির বহুস্তর বা লেয়ার রয়েছে। তবে গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না, এ জন্য দর্শকদের একটু অপেক্ষা করতে হবে।’

সিরিজটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ এক দল পরিচিত মুখ।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com