মো. নূর নবী শেখ
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান জামিন পায়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ্য বানিয়ে রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আখতারুজ্জামানের বিরুদ্ধে দেওয়া জামিনযোগ্য মামলায় আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) বিকেল ৫টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি এই অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান একজন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরও তাকে ডিভিশন দেওয়া হয়নি। তিনি অসুস্থ, কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা অবিলম্বে তার ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিচারকরাও ডিভিশন দিতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, বিমান বন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতিনির্ধারণী জায়গা থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার আক্রোশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি আরও বলেন, আদালত চত্বরে বিএনপির আইনজীবীরা আখতারুজ্জামানকে নিয়ে মব সৃষ্টি করেছেন। আইনজীবীরা হাতাহাতিতেও জড়িয়েছেন। কোর্ট চত্বরে আখতারুজ্জামানের আত্মীয়স্বজন, যারা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা তাদের ওপর হামলা করেছেন। আওয়ামী ফ্যাসিবাদের যুগে আদালতে যে ধরনের ঘটনা ঘটানো হতো, আমরা এখন তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি।
বিমানবন্দরের অব্যবস্থাপনার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরে ট্রলি পাওয়া যায় না। লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। আখতারুজ্জামান অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছেন। এজন্য তার বিরুদ্ধে পরে মামলা দেওয়া হয়েছে। আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে জাতির সামনে সেদিনের ঘটনা নিয়ে অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। মন্ত্রী সৎ হলে অব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদের প্রত্যাহার করতেন এবং মামলা দিতেন; কিন্তু মন্ত্রী তা করেননি। বরং অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা কর্মকর্তার দ্বারা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com