৯ অক্টোবর ২০২৬
preview
কানাডার পুলিশ জায়েদ খান!

মো. নূর নবী শেখ

কানাডার পুলিশের পোশাকে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কৌতূহল তৈরি করেছে। ইউনিফর্ম পরা ছবিটি দেখে অনেকেই ভেবেছিলেন, অভিনেতা হয়তো বাস্তবে কানাডার পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন। তবে বাস্তবতা হলো—কোনো পেশা পরিবর্তন নয়, একটি নতুন চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনেই তিনি এই রূপ ধারণ করেছেন।

‘ভায়োলেন্স’ নামের একটি নতুন অ্যাকশনধর্মী সিনেমায় কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। বিষয়টি অভিনেতা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিনেমাটিতে তাঁর বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা শিরিন শীলাকে। বর্তমানে কানাডার বিভিন্ন লোকেশনে সিনেমাটির টানা শুটিং চলছে।

সংশ্লিষ্টদের দাবি, এর আগে বাংলাদেশের কোনো নায়ককে সিনেমায় কানাডার পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যায়নি। সেই হিসেবে জায়েদ খানের নতুন এই চরিত্র ও পুলিশের পোশাকের লুক দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটি পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। এর প্রযোজনায় রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী।

পরিকল্পনা অনুযায়ী, কানাডায় একটানা শুটিংয়ের মধ্য দিয়েই ‘ভায়োলেন্স’-এর পুরো দৃশ্যধারণ শেষ করা হবে। এখন দেখার বিষয়, বড় পর্দায় কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে জায়েদ খান দর্শকদের কতটা চমক উপহার দিতে পারেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com