মো. নূর নবী শেখ
পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই যেন একধরনের ভিন্নতা। তিনি কেবল একটি চরিত্রে অভিনয় করেন না, চরিত্রটিকে নিজের ভেতরে ধারণ করে দর্শকের সামনে তুলে ধরেন। তাই তার প্রতিটি নতুন সিনেমা ঘিরেই তৈরি হয় আলাদা প্রত্যাশা। সেই প্রত্যাশারই আরেকটি সফল অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’।
গত ১০ জুলাই ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করেছে। মুক্তির পর দর্শকের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি। বিশেষ করে জয়া আহসানের অভিনীত চরিত্রটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
‘আজও অর্ধাঙ্গিনী’ মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র পরবর্তী অধ্যায়। প্রথম সিনেমাটি সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভালোবাসা, অভিমান, বিচ্ছেদ ও ক্ষমার গল্প বলে দর্শকের মন ছুঁয়েছিল। শুধু একটি পারিবারিক গল্প নয়, এটি ছিল মানুষের ভেতরের অনুভূতির গল্প।
সেই গল্পেরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। এবারও গল্পের কেন্দ্রে রয়েছেন সুমন। তার জীবনকে ঘিরে আবারও মুখোমুখি হন সাবেক স্ত্রী শুভ্রা এবং বর্তমান স্ত্রী মেঘনা। অতীতের স্মৃতি, বর্তমানের বাস্তবতা এবং সম্পর্কের নতুন সমীকরণ মিলিয়ে এগিয়ে যায় কাহিনী।
এই আবেগঘন গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছেন অভিনেতা কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। নতুন অধ্যায়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্ম গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ১০০ দিনের ভালোবাসা, ১০০ দিনের পথচলা! দর্শকদের ভালোবাসায় আজও অমলিন ‘আজও অর্ধাঙ্গিনী’। এই জয় আপনাদের, এই উদযাপন আপনাদের নিয়েই!
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com