১৫ অক্টোবর ২০২৬
preview
পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০, মালিক গ্রেফতার

মো. নূর নবী শেখ

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৯ শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী শিক্ষকও রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

প্রথমে ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ। পরে হাসপাতালটিতে ২৮ শিশুর মরদেহ আনা হয়। এ ছাড়া, প্রাদেশিক রাজধানীর নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে আরও দুটি মরদেহ পাঠানো হয়। নিহত শিশুদের মধ্যে ৬ জন মেয়েশিশু রয়েছে।

এ দুর্ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। এর আগে পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) মিয়া সাঈদ জানিয়েছিলেন, স্কুলের ছাদধসে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

পেশোয়ারের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধারে অভিযান চালান।

সিসিপিও মিয়া সাঈদ জানান, দুর্ঘটনার পর বেসরকারি স্কুলটির মালিককে গ্রেফতার করা হয়েছে। স্কুলটি একটি শিক্ষা ট্রাস্টের অধীনে পরিচালিত হতো।

এদিকে, প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম এ দুর্ঘটনার বিষয়ে শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com