১৮ অক্টোবর ২০২৬
preview
মাছরাঙা টেলিভিশনের বিরুদ্ধে পরীমনির ক্ষোভ, বললেন ‘মানসিক শান্তি নষ্ট করে দিলেন’

মো. নূর নবী শেখ

এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন চিত্রনায়িকা পরীমনি। তার অভিযোগ, এ ঘটনার পর তার স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে পোস্ট করতেও পারছেন না তিনি। তার সন্তানদের ছবিতেও নানা ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে।

শনিবার বিকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে এসব কথা লেখেন পরীমনি।

পোস্টে পরীমনি লেখেন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডে দুঃখ প্রকাশ কোনো কাজেই দিচ্ছে না, একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও সন্তানদের ছবি নিয়ে নেতিবাচক মন্তব্যের কথা উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম পোস্ট করতে পারছি না—হোক সেটা আমার কাজের বা ব্যক্তিগত। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্ট থেকে।

ঘটনার কারণে নিজের মানসিক শান্তি ও কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে পরীমনি প্রশ্ন তোলেন, কী করব বলেন এবার? আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর আর কী বাকি থাকল?

ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে মাছরাঙা টেলিভিশনের প্রতিশ্রুতির প্রসঙ্গও তোলেন পরীমনি। তিনি লেখেন, আপনারা বলেছেন, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা? আমার কাছে অপরাধী তো এখন আপনারাই।

এর আগে শুক্রবার দিবাগত রাতে এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার একটি এআই-নির্মিত আপত্তিকর ভিডিও প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানানো হয়। পাশাপাশি চ্যানেলটির ফেসবুক পেইজের পোস্টে দুঃখপ্রকাশও করা হয়।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com