২২ অক্টোবর ২০২৬
preview
‘ভালোবাসার চেয়ে বড় ধর্ম নেই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে একটি মসজিদে চুম্বন করার ঘটনায় দুই ব্যক্তির শিরশ্ছেদের খবরকে ভয়াবহ বলে জানিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেছেন, ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। সব ধর্মের মূল কথাই হচ্ছে— ভালোবাসা। ধর্মের নামে মানুষের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ঘটনা ভীষণ লজ্জাজনক।

সৌদি আরবে প্রবাসী নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গ টেনে ভালোবাসা ও মানবাধিকারের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রশ্ন রেখে তিনি বলেন, কেন ভালোবাসার জন্য দুজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো?

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে নিজের ক্ষোভ ও উদ্বেগের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, সেখানে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সঙ্গে ধর্মের নামে মানুষের ওপর নির্যাতনের বৈপরীত্য চিত্র। ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, মানুষের জীবন, স্বাধীনতা ও ভালোবাসার চেয়ে বড় কিছু হতে পারে না। ধর্মের নামে ভয়, ঘৃণা ও হিংসা ছড়ানোর সমালোচনা করে তিনি। ধর্মের নামে মানুষের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানান এ বর্ষীয়ান অভিনেত্রী।

তিনি বলেন, ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিস্টধর্ম— যে ধর্মের নামেই মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা ছড়ানো হোক না কেন, তা তার কাছে সমানভাবে ঘৃণ্য। শ্রীলেখা বলেন, ‘আমরা এআই ব্যবহার করছি, চ্যাটজিপিটি ব্যবহার করছি, রোবট তৈরি করছি, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করছি। অথচ আজও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা— এমনকি বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে!’

অভিনেত্রী বলেন, নিজের মতপ্রকাশের জন্য কেন তরুণ-তরুণীদের প্রাণ দিতে হবে? সৌদি আরব, ইরান কিংবা বিশ্বের অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে প্রতিবাদ কি কেবল সামাজিক মাধ্যমের কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে?

তিনি বলেন, এসব ঘটনা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। অন্য অনেকের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে উঠতে পারি না। হয়ত আমি একজন ওল্ড সোল। আর পুরোনো আত্মাদের পৃথিবীর এই নিষ্ঠুরতা একটু বেশিই যন্ত্রণা দেয় বলে জানান শ্রীলেখা মিত্র।​


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com