শোবিজ প্রতিবেদক, ঢাকা
তরুণ নির্মাতা জয়ন্ত চন্দ্রের পরিচালনায় নির্মিত প্রথম একক নাটক ‘বেলা ফুরাবার আগে’ মুক্তি পেতে যাচ্ছে সিনেপ্লাসের ইউটিউব চ্যানেলে। ব্যতিক্রমী গল্প ও একঝাঁক পরিচিত মুখের উপস্থিতিতে নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাওন দাশ ও নিশা চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আর সি অরণ্য, নওশিন ইসলাম, ফারিজা এহসান ও শিকদার সিজারসহ আরও অনেকে।
আগামী ২৩ অক্টোবর, দুপুর ৩টায় সিনেপ্লাসের ইউটিউব চ্যানেলে নাটকটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
‘বেলা ফুরাবার আগে’ নাটকের গল্পে উঠে এসেছে করপোরেট জগতের লোভ, স্বার্থের দ্বন্দ্ব এবং নিঃস্বার্থ ভালোবাসার এক ভিন্নধর্মী আখ্যান। একই সঙ্গে মধ্যবিত্ত পরিবারের নিরন্তর সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম ও স্বপ্ন পূরণের প্রত্যয়কে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলা মানুষের গল্পই নাটকটির অন্যতম আকর্ষণ।
প্রথম একক নাটক নির্মাণের মধ্য দিয়ে তরুণ নির্মাতা জয়ন্ত চন্দ্রের এই যাত্রা তাঁর নির্মাণজীবনে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভালোবাসা, বাস্তবতা ও জীবনসংগ্রামের মেলবন্ধনে নির্মিত ‘বেলা ফুরাবার আগে’ দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com