মো. নূর নবী শেখ
পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসন গোপনে গার্ড অব অনার দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেও নিজ এলাকায় মরদেহ দাফনে বাধা দিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এলে গার্ড অব অনার দিতে এবং পিরোজপুরে কবর দিতে বাধা দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইন্সের ভেতরে গোপনে গার্ড অফ অনার দেওয়া হয়।
মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।
মানিক পশারীর পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ে-জামাইয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মৃত্যুবরণ করলে দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে গার্ড অফ অনারের জন্য আনা হলে বাধা দেন জামায়াতের নেতৃবৃন্দ। পরে পুলিশ তাকে গোপনে পুলিশ লাইন্সের ভিতরে গার্ড অব অনার দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
মানিক পশারীর জামাই ফারুক হোসেন বলেন, সকাল ১০টায় উনি মারা গেছেন। দুপুর ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলে উনি আমাদের গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন। উনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ-চাপাতা ছাড়া ৪ থেকে ৫ ঘণ্টা পরে গোপনে কোনো মতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আমরা কীভাবে মরদেহ দাফন করবো তার কোনো দায়িত্ব নেয়নি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মরদেহ দাফন নিয়ে আমরা খুবই চিন্তিত।
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশরীর মরদেহ দাফন করতে দেওয়া হবে না।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com