মো. নূর নবী শেখ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠক নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদে দলটির দেওয়া বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ প্রসঙ্গে গোলাম পরওয়ারকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে।’
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে জামায়াতের বিবৃতির ভাষা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে, মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে অস্বীকার করে নাই এবং বিবৃতিতে কোথাও ভারত শব্দটা পর্যন্ত আনে নাই! কেন?’
রাশেদ খান আরও লেখেন, ‘শোনেন, মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে, জামায়াত তাকে রক্ষা করতে গেলে পুরো দলকে এর দায় নিতে হবে।’
তিনি আরও দাবি করেন, এখন থেকে জামায়াতের নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলে জনগণ এর জবাবে ‘মুনাফেক’ স্লোগান দেবে।
গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে গোলাম পরওয়ারের বক্তব্য দেওয়ার ধরন নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তাঁর ভাষ্য, সাংবাদিক যখন গোলাম পরওয়ারের কাছে প্রশ্ন করতে চেয়েছিলেন, তখন তাঁকে বা তাঁর পাশ থেকে অন্য প্রশ্ন না করার কথা বলা হয়। পরে তিনি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে চলে যান।
এ প্রসঙ্গে রাশেদ খান লেখেন, ‘তিনি যদি ঐদিন অন্য প্রশ্ন না নিবেন, তবে কেনো প্রথম প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্নের যথাযথ উত্তর দিলেন?’
নিজের পোস্টে তিনি আরও অভিযোগ করেন, বৈঠকসংক্রান্ত প্রশ্নের মুখে গোলাম পরওয়ার ইতস্তত বোধ করছিলেন। জামায়াতে ইসলামীর ধর্মীয় মূল্যবোধের দাবি উল্লেখ করে দলটির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর বৈঠকসংক্রান্ত খবরের প্রতিবাদ জানান। এসব খবরকে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠক নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে অভিযোগের সত্যতা প্রমাণের আহ্বান জানান। তিনি বলেন, গোলাম পরওয়ারকে জড়িয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের উচিত এসব অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্য দিয়ে গোলাম পরওয়ারকে বিতর্কিত করার প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com