২৮ অক্টোবর ২০২৬
preview
কলকাতা চলচ্চিত্র উৎসবে চমক, হাজির হচ্ছেন রজনীকান্ত-প্রভাস

মো. নূর নবী শেখ

ডিসেম্বরে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে রজনীকান্ত, প্রভাস ও অনুপম খেরের উপস্থিতির কথা জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। কঙ্গনা রানাওয়াত ও পরেশ রাওয়ালের সঙ্গেও চলছে আলোচনা।

ডিসেম্বরে বসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। এবারের আয়োজনে তারকাদের উপস্থিতি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত, ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেতা অনুপম খেরের উপস্থিতির কথা জানিয়েছেন আয়োজকেরা। এ ছাড়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা পরেশ রাওয়ালের অংশগ্রহণ নিয়েও চলছে আলোচনা।মুভি দেখুন

এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, মুখ্য উপদেষ্টার দায়িত্বে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর নেতৃত্বেই উৎসবের সার্বিক পরিকল্পনা ও আয়োজনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় ও শর্বরী মুখোপাধ্যায়সহ অনেকে। বৈঠক শেষে উৎসবের অতিথি তালিকা ও আয়োজন নিয়ে কথা বলেন মিঠুন।

তিনি বলেন, ‘এবার রজনীকান্ত, প্রভাস, অনুপম খের আসছেন। কথাবার্তা চলছে কঙ্গনা ও পরেশ রাওয়ালের সঙ্গেও। বেশি ভিড় বাড়াতে চাই না। এতেই হয়ে যাবে। বিদেশের কয়েকজন তারকাকে আনারও চেষ্টা করছি।’

মিঠুনের এই বক্তব্য অনুযায়ী, এবারের উৎসবে দক্ষিণী সিনেমা ও বলিউডের তারকাদের পাশাপাশি বিদেশি অতিথিদেরও দেখা যেতে পারে। তবে কঙ্গনা রানাওয়াত ও পরেশ রাওয়ালের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি।

এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। নতুন সরকারের অধীনে আয়োজনের স্থান নিয়ে প্রশ্ন করা হলে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবার সম্ভবত ভিক্টোরিয়ায় উদ্বোধন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আরও কিছু চমক থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর শুরু হয়ে উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে কলকাতা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের তারকাদের উপস্থিতি নতুন নয়। গত বছর বলিউড থেকে অতিথি হিসেবে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম।মুভি দেখুন

এর আগেও উৎসবের মঞ্চে উপস্থিত হয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালান, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহার মতো তারকারা। এবার রজনীকান্ত ও প্রভাসের উপস্থিতির খবরে উৎসবের উদ্বোধনী আয়োজন নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়তে পারে।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com