১ নভেম্বর ২০২৬
preview
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

মো. নূর নবী শেখ

গঙ্গার পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে পানি না এলে কোনো করিডোর বা ট্রানজিট হবে না। বাংলাদেশের নদীতে পানি না এলে ভারতের কোনো চ্যানেলও বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমরা মওলানা ভাসানীর ইতিহাস স্মরণ করতে চাই। তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশাআল্লাহ, এ রকম পরিস্থিতি তৈরি হলে আমরা আবারও লংমার্চের জন্য প্রস্তুত আছি।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঋণের জন্য ঘুরছে। কিন্তু সরকারকে কেউ বিশ্বাস করছে না, ঋণও দিচ্ছে না। জাপান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। অতীতেও দেশটি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তবে মাতারবাড়ী প্রকল্প নিয়ে সরকার জাপানের সঙ্গে কী কী চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। কোনো ধরনের ধোঁয়াশা রাখা যাবে না। সংসদে আলোচনা ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় চুক্তি পাস করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এসব চুক্তির মাধ্যমে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তা রুখে দেবে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সালাহউদ্দিন আহমেদ সংবিধান সংশোধন নিয়ে মতামত চেয়েছেন। তাঁর কাছে মতামত দেওয়ার কিছু নেই। তিনি কে, যে মতামত চাইবেন? এখন আলোচনার জন্য বিরোধী দলকে সেখানে যেতে বলা হচ্ছে। কিন্তু নির্বাচন-পূর্ব আলোচনাই সম্পন্ন হয়েছে। নতুন করে আলোচনার কিছু নেই। এখন বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশের জনগণ, বিরোধী দল, তরুণ প্রজন্ম ও শ্রমিকেরা তা মেনে নেবে না।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়িয়েছে, কিন্তু শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ বৈষম্য মেনে নেওয়া যায় না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করেন যুবশক্তির সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com