৪ নভেম্বর ২০২৬
preview
অক্টোবরে ডিএমপির আদালতে ১১ হাজার ৭৫৩ মামলা নিষ্পত্তি

মো. নূর নবী শেখ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গত অক্টোবর মাসে ১১ হাজার ৭৫৩টি ফৌজদারি ও ট্রাফিক মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময়ে ফৌজদারি মামলায় ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া এসব মামলায় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সময়ে নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অক্টোবরে ১ হাজার ২৯৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। একই সময়ে ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তির পাশাপাশি ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি তৈরি হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com