৪ নভেম্বর ২০২৬
preview
আদনান রাজীবের সিনেমায় নতুন চমক নিশো-মেহজাবীন জুটি

মো. নূর নবী শেখ

বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন তার স্ত্রী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকছেন আফরান নিশো।

এর আগে সিনেমাটির নায়ক হিসেবে সিয়াম আহমেদের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি এতে অভিনয় করছেন না।

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আদনান আল রাজীবের এই সিনেমায় যুক্ত হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এ বিষয়ে নির্মাতা নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

এটি হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। দুটি সিনেমায়ই তার অভিনয় দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের নজর কেড়েছে।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হতে পারে। এতে আরও একজন নায়িকা থাকছেন বলে শোনা যাচ্ছে। তবে সেই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। কলকাতায় গোপনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। মুক্তির আগে তার উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চাইছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হচ্ছে না।

চলতি বছরের শেষ দিকে ‘খলনায়ক’ মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে চলতি বছর সিনেমাটির মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে সিনেমাটি।

 


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com