৫ নভেম্বর ২০২৬
preview
লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই করতাম : মীর শাহে আলম

মো. নূর নবী শেখ

লংমার্চের মাধ্যমে গ্যাস-বিদ্যুতের সমাধান করা গেলে সরকারই সবচেয়ে বড় লংমার্চের অয়োজন করত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘লংমার্চ করে যদি গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হতো, তাহলে সবচেয়ে বড় লংমার্চ আমরাই করতাম। লংমার্চ আর ফাঁকা সিলিন্ডার দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ আমাদের ৫ বছর সময় দিয়েছে।’

এ সময় হুমকি-ধমকি ও আন্দোলনের পথে না গিয়ে সংসদে এসে সরকারকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান মীর শাহে আলম।

গবেষকদের বিষয়ে মীর শাহে আলম বলেন, ‘পৃথিবীর সবচেয়ে মেধাবী ব্যক্তিরা গবেষক হন। কিন্তু আমরা তাদের যথাযথ মূল্যায়ন করতে পারি না। অথচ দেখা যায়, ক্লাসের তিন-চার নম্বর বেঞ্চে বসা ব্যক্তিরা মহাপরিচালক হন।’

তিনি জানান, গবেষকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সরকার ভাবছে।

দেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘মেলা ও বাজার ব্যবস্থাপনা অনেক মানুষকে একত্রিত করে এবং পণ্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করে। বিগত সরকারের সময়ে সঠিক জরিপ না হওয়ায় দেশের প্রকৃত জনসংখ্যা, পরিবারের সংখ্যা ও কৃষকের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষিক্ষেত্রে আমদানিনির্ভরতা কমছে। টমেটো, কাঁচামরিচ, চিনি ও সয়াবিন তেল ছাড়া তেমন কিছুই আমদানি করতে হয় না। কৃষি উৎপাদন বাড়াতে পল্লী উন্নয়ন একাডেমির মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘

তিনি জানান, বর্তমানে সারে সরকারকে ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

মীর শাহে আলম বলেন, ‘গত ২০ বছরে কেন নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি, সেই প্রশ্নের জবাব দিতে হবে। ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের বিষয়টি আগে কেন ভাবা হয়নি। বর্তমানে ভোলার সঙ্গে গ্যাসের সংযোগ তৈরিতে কাজ চলছে। এ ছাড়া, নতুন করে ৫২টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাতে ভোট করার কোনো ইচ্ছা সরকারের নেই। পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন করার ইচ্ছা তারেক রহমানেরও নেই। সফল হয়েই ২০৩১ সালের নির্বাচনে জনগণের কাছে যাব।’

বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পুষ্টিগুণ বাড়াতে ফর্টিফাইড বা পুষ্টিসমৃদ্ধ আটা-ময়দা বাজারজাতের জন্য নীতিমালা করা হচ্ছে। ভোজ্যতেলে ভিটামিন এ যোগ করা হয়। একইভাবে চাল ও আটাকেও পুষ্টিসমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের মাধ্যমে উত্তরাঞ্চলকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com