মো. নূর নবী শেখ
জামায়াতে ইসলামীর নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের ছেলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। সেই সঙ্গে তারা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি তুলেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বলেন, ‘কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর ছুরিকাঘাতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
‘রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের জের ধরে কোনো নাগরিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি,’ যোগ করা হয় বিবৃতিতে।
এহসানুল মাহবুব জুবায়ের দাবি জানান, দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ‘আমি আহত শাহরিয়ার জামানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।’
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে শাহরিয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
রাত পৌনে ১০টার দিকে মোবাইল ফোনে ঘটনার বিষয়টি নিশ্চিত করে আখতারুজ্জামান বলেন, বুধবার রাতে গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার। এসময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com