৫ নভেম্বর ২০২৬
preview
‘যে কোনো মূল্যে ডিসেম্বরেই দেশে ফিরব’, বললেন শেখ হাসিনা

মো. নূর নবী শেখ

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবন্দি, নির্যাতন কিংবা হত্যার শিকার হওয়ার আশঙ্কা তিনি করছেন। তবে এসব ঝুঁকি থাকলেও আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসছেন না।

আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ই-মেইলে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফেরার পরিণতি সম্পর্কে তিনি অবগত। এমনকি মৃত্যুর আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে দেশের মানুষের কষ্ট দূর থেকে দেখে বাকি জীবন কাটাতে চান না বলেও জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার বা কারাবন্দি করা হতে পারে। এমনকি নির্যাতন কিংবা হত্যার আশঙ্কাও রয়েছে। তারপরও নিজের দেশের মাটিতে, দেশের মানুষের মাঝেই মৃত্যুবরণ করতে চান তিনি। এ কারণে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি বলে জানান।

এপি জানায়, গত সপ্তাহে শেখ হাসিনার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন পাঠানো হয়। বুধবার তিনি সেসব প্রশ্নের জবাব দেন। তবে ভারত থেকে ঠিক কীভাবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনা ওই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ করেছে। তবে ভারত এখনো তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়নি।

এপি’র প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এমন সময়ে সামনে এসেছে, যখন তার দল আওয়ামী লীগ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দলের অনেক জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছেন কিংবা দেশের বাইরে অবস্থান করছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, ২০২৪ সালের আগস্ট থেকে তার দলের অন্তত ২০ হাজার নেতা-কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া হাজার হাজার নেতা-কর্মী গ্রেপ্তার, নির্যাতন কিংবা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক পরিচয়ের কারণে দলের অনেক সমর্থক বাড়িঘর, ব্যবসা ও জীবিকা হারিয়েছেন বলেও জানান সাবেক প্রধানমন্ত্রী। এ সংখ্যাগুলো শেখ হাসিনার করা দাবি হিসেবে এপি প্রতিবেদনে উল্লেখ করেছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তার দাবি, দেশে এখন স্বাভাবিক রাজনৈতিক বা গণতান্ত্রিক পরিবেশ নেই এবং তার দলকে পরিকল্পিতভাবে দমন করা হচ্ছে।

বিদেশি কোনো শক্তির সহায়তায় দেশে ফিরতে চান কি না—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নিজের দেশে ফেরার জন্য কোনো বিদেশি শক্তির ‘আশীর্বাদ’-এর প্রয়োজন নেই। সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনার কথাও এপি প্রতিবেদনে উঠে এসেছে। তবে সরকার বলেছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে কট্টরপন্থিদের প্রভাব বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন।

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এপি। তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com