home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

Facebook
Twitter

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে দাঁড়িয়ে থাকা লরিতে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিল্প পুলিশের এসপি মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, বিস্ফোরণের তীব্রতায় লরি বা সিলিন্ডারের একটি অংশ ছিটকে পাশের এলাকায় গিয়ে মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) নামের এক নারীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়নব গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।

নিহতের মেয়ের ভাষ্য, তিনি জামগড়ায় দর্জির কাজ করেন। কয়েক দিন আগে তার মা তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় তিনি দোকানের ভেতরে কাজ করছিলেন এবং তার মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সিলিন্ডারের একটি অংশ এসে তার মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার সামনে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি কোম্পানির পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সড়কে থাকা এক নারী ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।