home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শরীরের যেসব পরিবর্তন হতে পারে ক্যানসারের সতর্কসংকেত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮

Facebook
Twitter

শরীরের যেসব পরিবর্তন হতে পারে ক্যানসারের সতর্কসংকেত

ক্যানসার মানেই মৃত্যু, এমন ধারণা এখন আর পুরোপুরি ঠিক নয়। আধুনিক চিকিৎসার কারণে অনেক ধরনের ক্যানসার এখন প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সফলভাবে চিকিৎসা করা সম্ভব। চিকিৎসকদের মতে, শুরুতেই লক্ষণ বুঝে চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেকেই শরীরের ছোটখাটো পরিবর্তন বা অস্বাভাবিক উপসর্গকে গুরুত্ব দেন না। ফলে রোগ ধরা পড়ে দেরিতে।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ উপসর্গ দীর্ঘদিন ধরে থাকলে তা অবহেলা করা উচিত নয়। কারণ এগুলো কখনও কখনও ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

অকারণে দ্রুত ওজন কমে যাওয়া: খাদ্যাভ্যাস বা ব্যায়ামে বড় কোনো পরিবর্তন ছাড়াই যদি হঠাৎ ওজন কমতে থাকে, তাহলে সেটি সতর্ক সংকেত হতে পারে। বিশেষ করে অগ্ন্যাশয়, পাকস্থলী, খাদ্যনালী বা ফুসফুসের ক্যানসারে এ লক্ষণ দেখা যায়।

দীর্ঘদিন জ্বর থাকা: ঘন ঘন জ্বর বা দীর্ঘ সময় জ্বর থাকা অনেক সময় শরীরে বড় কোনো সমস্যার ইঙ্গিত দেয়। কিছু ক্ষেত্রে লিউকেমিয়া বা লিম্ফোমার মতো ক্যানসারের শুরুতেও জ্বর হতে পারে।

অতিরিক্ত ক্লান্তি: বিশ্রাম নেওয়ার পরও যদি ক্লান্তি না কমে এবং সব সময় দুর্বল লাগে, তাহলে সেটি গুরুত্ব দিয়ে দেখা উচিত। কিছু ক্যানসারে শরীরের ভেতরে রক্তক্ষরণ বা অন্যান্য জটিলতার কারণে এমন হতে পারে।

ত্বকে অস্বাভাবিক পরিবর্তন: ত্বকের রং বদলে যাওয়া, অস্বাভাবিক চুলকানি, লালচে ভাব বা চোখ-ত্বক হলুদ হয়ে যাওয়া কিছু ক্যানসারের লক্ষণ হতে পারে। ত্বকে নতুন কোনো পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

মল বা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন: দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলের আকার বদলে গেলে সেটি অন্ত্রের সমস্যার ইঙ্গিত হতে পারে। আবার প্রস্রাবে রক্ত, ব্যথা বা প্রস্রাবের পরিমাণে পরিবর্তনও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

ক্ষত শুকাতে দেরি হওয়া: শরীরের কোনো ক্ষত দীর্ঘদিনেও না শুকালে বা মুখের ভেতরের ঘা চার সপ্তাহের বেশি থাকলে সেটি অবহেলা করা ঠিক নয়। কিছু ক্ষেত্রে এটি মুখগহ্বর বা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে।

অস্বাভাবিক রক্তপাত: কাশির সঙ্গে রক্ত আসা, মলের সঙ্গে রক্ত যাওয়া, প্রস্রাবে রক্ত দেখা বা নারীদের অস্বাভাবিক রক্তপাত বিভিন্ন ধরনের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

শরীরে গুটি বা শক্ত অংশ অনুভব হওয়া: শরীরের কোথাও হঠাৎ গুটি, ফোলা বা শক্ত কিছু অনুভব করলে দ্রুত পরীক্ষা করানো উচিত। স্তন, অণ্ডকোষ বা শরীরের নরম টিস্যুতে এমন পরিবর্তন দেখা যেতে পারে।

গিলতে সমস্যা হওয়া: দীর্ঘদিন খাবার গিলতে কষ্ট হলে বা সব সময় বদহজমের অনুভূতি থাকলে সেটি খাদ্যনালী, গলা বা পাকস্থলীর সমস্যার লক্ষণ হতে পারে।

দীর্ঘদিন কাশি বা কণ্ঠস্বর বদলে যাওয়া: তিন সপ্তাহের বেশি কাশি থাকলে বা কণ্ঠস্বর পরিবর্তন হলে তা গুরুত্ব দিয়ে দেখা দরকার। বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে এটি ফুসফুস বা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে।

চিকিৎসকদের মতে, এসব উপসর্গ মানেই ক্যানসার নয়। অনেক সাধারণ রোগেও এমন সমস্যা হতে পারে। তবে লক্ষণগুলো দীর্ঘদিন থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সূত্র: বিবিসি বাংলা



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।