home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯

Facebook
Twitter

ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা এজ্জাহরা এল মানসুরিকে নিয়োগ দিয়েছেন।

গত সপ্তাহের সংসদীয় নির্বাচনে ফাতিমা মানসুরির দল জয় পাওয়ার পর তাকে নতুন সরকার গঠনের এই দায়িত্ব দেওয়া হয়। খবর আল জাজিরার।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের নির্বাচনে ফাতিমা মানসুরির দল মধ্যপন্থি ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) সর্বাধিক আসনে জয়লাভ করে। এরপরই তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে আরব বিশ্বে দ্বিতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, ৫০ বছর বয়সী এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে নগর পরিকল্পনামন্ত্রী এবং মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নিজের নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এল মানসুরি। তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণার চার দিন পর এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। নির্বাচনে রাজতন্ত্রপন্থি তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সবচেয়ে বেশি ভোট পেয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টি পেয়েছে।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসনের চেয়ে অনেক কম আসন পেয়েছে পিএএম। ফলে সরকার গঠন করতে দলটিকে জোট করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে এল মানসুরির প্রথম কাজ হবে সেই জোট গঠন করা।

আল জাজিরা বলছে, রাজার ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ আলি এল হিম্মা ২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠা করেন। দলটি সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) এবং ফেডারেশন অব ডেমোক্র্যাটিক লেফটসহ কয়েকটি দল জানিয়েছে, তারা বিরোধী দলে থাকবে।

নতুন সরকার গঠনে যে জোট হবে, সেই জোটই ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ কীভাবে বণ্টন করা হবে, তা নির্ধারণ করবে। ২০৩০ সালের বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ মরক্কো, পর্তুগাল ও স্পেন।

এদিকে আরব বিশ্বে এল মানসুরি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নাজলা বুদেন।

১৯৭৬ সালে মারাকেশে জন্মগ্রহণ করেন এল মানসুরি। তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের মন্টপেলিয়ের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা অর্জন করেন।

শুরুতেই স্থানীয় সরকারে যুক্ত হন তিনি। ২০০৯ সালে মারাকেশের মেয়র নির্বাচিত হয়ে শহরটির প্রথম নারী মেয়র হন এল মানসুরি। প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ২০২১ সালের নির্বাচনে আবারও মারাকেশের পৌর পরিষদের নেতৃত্বে ফেরেন তিনি।

একই সঙ্গে একাধিক মেয়াদে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে সংসদীয় অভিজ্ঞতাও অর্জন করেন। ২০২১ সালের অক্টোবরে জাতীয় সরকারে যোগ দেন এল মানসুরি। তাকে জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগর নীতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার মন্ত্রণালয়ের আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এর মধ্যে সরাসরি আবাসন সহায়তা কর্মসূচি, নগর পরিকল্পনা ও ভূখণ্ড উন্নয়নসংক্রান্ত সংস্কার এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি উল্লেখযোগ্য।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।