_copy7.webp)

সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কোনো প্রভাব থাকা চলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে। তবে চাকরিতে যোগ দেওয়ার পর সেই পরিচয়ের প্রতিফলন যেন কোনোভাবেই কর্মক্ষেত্রে না ঘটে।
রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএসের পুলিশ ও আনসার ক্যাডারে নবনিযুক্ত কর্মকর্তাদের পরিচিতি ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দেশের সব ধরনের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা সুপিরিয়র সার্ভিসের কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনসাধারণের স্বস্তি অনেকাংশেই তাদের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল।’
কর্মজীবনে শৃঙ্খলা ও পেশাগত আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনসম্মত নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে হবে।’
পুলিশ ও আনসার ক্যাডারের কাজের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘অন্যান্য ক্যাডারের তুলনায় এ দুটি সার্ভিসের কর্মপরিবেশ ভিন্ন। অনেক সময় সংঘাতপূর্ণ ও কঠিন পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধির বিকল্প নেই।’
আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।