_copy7.webp)

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এক বুক স্বপ্ন ও বুকভরা প্রত্যাশা নিয়ে সাগরে মাছ ধরতে যাত্রা শুরু করেছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার পরপরই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করে ঘাট ছাড়তে শুরু করেন শত শত মাছ ধরার ট্রলার। রাতের আঁধারেই ইলিশ শিকারের আশায় সাগরের উদ্দেশে পাড়ি জমান জেলেরা।
জাতীয় মাছ ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি, মজুত ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। বিজ্ঞানভিত্তিক প্রজননকাল ও আশ্বিন মাসের পূর্ণিমা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন সময় পার করেছেন উপকূলের হাজারো জেলে। নিষেধাজ্ঞা শেষে আবারও সাগরে যেতে পেরে তাদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। এবার জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়বে—এমন প্রত্যাশা নিয়েই সাগরে পাড়ি জমিয়েছেন তারা।
জেলেরা জানান, দীর্ঘদিন পর সাগরে যাওয়ার সুযোগ পেয়ে তারা বেশ আনন্দিত। ট্রলারে জাল, বরফ, জ্বালানি তেল, খাবার ও মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তাদের প্রত্যাশা, সাগরে ইলিশের ভালো বিচরণ পাওয়া যাবে এবং ট্রলারভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরতে পারবেন।
পাথরঘাটার জেলে আলমগীর মাঝি, সেলিম নাজির, আলম ফিটার, জাকির মাঝি ও কালাম খান বলেন, নিষেধাজ্ঞার আগের দিন সাগর থেকে ফিরে এসেছিলাম। এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। ট্রলারে বরফ, জ্বালানি তেল ও খাবারসহ প্রয়োজনীয় সবকিছু তুলে শুক্রবার (৩০ অক্টোবর) রাতেই সাগরের উদ্দেশে রওয়ানা দিয়েছি। এবার প্রচুর ইলিশ পাওয়ার আশা করছি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আঁকন জানান, নিষেধাজ্ঞার সময় জাল ও ট্রলার মেরামতসহ মাছ ধরার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পরপরই উপকূলের শত শত মাছ ধরার ট্রলার সাগরের উদ্দেশে ঘাট ছেড়েছে। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। জেলেরা নিরাপদে মাছ ধরার জন্য আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখছেন। দীর্ঘ ২২ দিনের অপেক্ষা শেষে এখন সবার প্রত্যাশা, জালভর্তি ইলিশ নিয়ে নিরাপদে ঘাটে ফিরবেন তারা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বিগত বছরগুলোর মতো এবারও বরগুনার জেলেরা সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন। নিষেধাজ্ঞা চলাকালে কোনো জেলেকে নদী বা সাগরে জাল ফেলতে দেখা যায়নি। ইলিশের প্রজনন নিশ্চিত করতে সরকার অনেকটাই সফল হয়েছে। এখন আমাদের প্রধান লক্ষ্য হতে হবে জাটকা রক্ষা করা। জাটকা সংরক্ষণ করা গেলে আগামীতে ইলিশের উৎপাদন আরও কয়েক গুণ বাড়বে বলে আমরা আশা করি।
পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, নিষেধাজ্ঞার মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় অসাধু জেলেদের ইলিশ শিকারের খবর পাওয়া গেলেও পাথরঘাটা ছিল এর ব্যতিক্রম। এখানকার কোনো জেলে নিষিদ্ধ সময়ে নদী-সাগরে জাল ফেলেননি। জেলে, মহাজনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় এবারের নিষেধাজ্ঞা সফল হয়েছে।
দীর্ঘ ২২ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এখন জেলেদের চোখ সাগরের দিকে। তাদের প্রত্যাশা, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়বে, জালভর্তি মাছ নিয়ে নিরাপদে ঘাটে ফিরবে ট্রলার। সেই সঙ্গে উপকূলের জেলে পরিবারগুলোতেও ফিরবে স্বস্তি ও সচ্ছলতা।
জাতীয় নিয়ে আরও পড়ুন


.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।