home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আগামীকাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২ অক্টোবর ২০২৬, ২১:০৭

Facebook
Twitter

আগামীকাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ শুরু হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) এই আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে।তিনদিনব্যাপী এ সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যও দেবেন।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানকে সামনে রেখে পঞ্চমবারের মতো রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার (২ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে সিজিএস সভাপতি ও 'বে অব বেঙ্গল কনভারসেশন'র চেয়ারম্যান জিল্লুর রহমান এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

জিল্লুর রহমান জানান, ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে ২০০-এর বেশি বক্তা, প্রায় ৩০০ প্রতিনিধি এবং ১ হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নেবেন।

এই সম্মেলনকে একটি আন্তর্জাতিক কৌশলগত সংলাপের প্ল্যাটফর্‌ম হিসেবে উল্লেখ করে জিল্লুর রহমান জানান, বঙ্গোপসাগর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলকে যুক্ত করেছে। সমুদ্র বাণিজ্য, বন্দর, যোগাযোগ, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক সম্পদের কারণে বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতিতে এ অঞ্চলের গুরুত্ব রয়েছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বিশ্বের সঙ্গে কার্যকর সংযোগ তৈরি এবং উদ্ভূত সমস্যা ও সম্ভাবনার সমাধান খোঁজা সম্মেলনের অন্যতম লক্ষ্য।

পারভেজ করিম আব্বাসী বৈশ্বিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহ শৃঙ্খলের সংকট, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনায় অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের আলোচনায় পাঁচটি বড় কৌশলগত ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো— বৈশ্বিক ক্ষমতার প্রতিযোগিতা, ভূ-রাজনীতি ও নিরাপত্তা; কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবারস্পেস ও তথ্যের ক্ষমতা; বাণিজ্য, অবকাঠামো, যোগাযোগ ও আঞ্চলিক প্রবৃদ্ধি; জলবায়ু সহনশীলতা, নীল অর্থনীতি, উপকূল ও মানব নিরাপত্তা; এবং গণতন্ত্র, সুশাসন, নারী নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক আস্থা। এবারের কনভারসেশনে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় ক্ষমতার নতুন বিন্যাস, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ভূ-রাজনীতি, গণতন্ত্র, নারী নেতৃত্ব, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু, সমুদ্র ও অর্থনীতি নিয়ে বক্তব্য দেবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, রাজনীতিক, গবেষক, সাংবাদিক ও নীতিনির্ধারকেরা। ভূ-রাজনীতি ও পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থা নিয়ে বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন সার্বিয়ার সাবেক রাষ্ট্রপতি বরিস তাদিচ, ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম. জে. আকবর, মন্টিনিগ্রোর সংসদ সদস্য গোরদান স্তোজানোভিচ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশেষ অধ্যাপক আলী রীয়াজ, নরওয়েজীয় দূতাবাসের প্রতিনিধি আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

গণতন্ত্র ও নেতৃত্ব নিয়ে আলোচনায় থাকবেন মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা। নারী নেতৃত্ব ও স্থানীয় ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে নির্ধারিত অধিবেশনে অংশ নেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি এবং এর নৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনায় অংশ নেবেন শ্রীলঙ্কার ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়ের সচিব ওয়ারুনা শ্রী ধানাপালা এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিকোলা নিক্সন। জলবায়ু, সমুদ্র ও নীল অর্থনীতি নিয়ে বক্তব্য দেবেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও জার্মানির সমুদ্রসাঁতারু আঁদ্রে ভিয়েরসিগ।

বাণিজ্য, অর্থনীতি, অবকাঠামো ও আঞ্চলিক প্রবৃদ্ধি নিয়েও বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন সেন্টার ফর পলিসি ডায়লগের চেয়ারম্যান রেহমান সোবহান, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, কমনওয়েলথ বিজনেস উইমেনস নেটওয়ার্কের আরিফ জামান এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।