home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


৫৩-তে পা দিলেন ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ২২:১৯

Facebook
Twitter

৫৩-তে পা দিলেন ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী

ঢালিউডের রুপালি পর্দায় একসময় তার উপস্থিতিই ছিল দর্শকের বাড়তি আকর্ষণ। অভিনয়, সৌন্দর্য আর সাবলীল ব্যক্তিত্ব দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। সেই প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। জীবনের ৫৩ বছরে পা রাখলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা।

এবারের জন্মদিনও দেশের বাইরে যুক্তরাষ্ট্রে কাটছে মৌসুমীর। প্রায় তিন বছর ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। তবে প্রিয় অভিনেত্রী দূরে থাকলেও জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। প্রতিবছরের মতো এবারও ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রিয় তারকার জন্মদিন উদ্‌যাপন করছেন তার অনুরাগীরা।

জন্মদিন উপলক্ষে রাজধানীতেও থাকছে বিশেষ আয়োজন। আজ বিকেলে ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাব’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী।

স্ত্রীর জন্মদিনে নিজের উদ্যোগেও বিশেষ কিছু করার পরিকল্পনা রয়েছে ওমর সানীর। এ প্রসঙ্গে তিনি জানান, স্ত্রী ও মেয়ে তাঁকে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করতে বলেছেন। পাশাপাশি নিজের উদ্যোগে আরও একটি কাজ করছেন তিনি, তবে সেটি প্রকাশ্যে আনতে চান না। তাঁর ভাষায়, কাজটি তিনি প্রচারের জন্য নয়, একান্তই মন থেকে করছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিজের জন্মদিনের পরিকল্পনা জানাতে গিয়ে মৌসুমী বলেন, এবার বিশেষ কোনো আয়োজনের কথা ভাবছেন না তিনি। মা, মেয়ে ও বোনদের সঙ্গে ঘরোয়া পরিবেশে সময় কাটাবেন। একসঙ্গে খাওয়াদাওয়া আর পারিবারিক আড্ডাতেই উদ্‌যাপিত হবে দিনটি।

জন্মদিন নিয়ে খুব বেশি আনুষ্ঠানিকতায় আগ্রহী নন এই অভিনেত্রী। তবে দেশের ভক্তদের ভালোবাসা তাঁকে আনন্দিত করে। ঢাকায় থাকলে হয়তো স্বামী ওমর সানী কিংবা ভক্তদের আয়োজনে অন্য রকমভাবে দিনটি কাটত বলে জানান তিনি।

শৈশবের জন্মদিনের স্মৃতিও আবেগ নিয়ে স্মরণ করেন মৌসুমী। জানান, তার বাবা জন্মদিনে এতিমখানায় খাবারের আয়োজন করতেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। অন্যদিকে মা আত্মীয়স্বজনদের বাড়িতে ডেকে নানা রকম খাবার রান্না করে খাওয়াতে ভালোবাসতেন। সেই দিনগুলোর স্মৃতি এখনো তাঁকে ভীষণভাবে নাড়া দেয়।

১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম ছবিতেই বিপরীতে পেয়েছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে। এর আগে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।

অভিষেকের পর সালমান শাহর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান মৌসুমী। একই সময়ে ওমর সানীর সঙ্গে জুটি বেঁধেও উপহার দেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। তাদের অভিনীত ‘দোলা’, ‘আত্মঅহংকার, ‘লজ্জা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’ ও ‘মুক্তির সংগ্রাম’ দর্শকের কাছে এখনো স্মরণীয়।

মৌসুমীর জীবনে ‘তিন’ সংখ্যাটির উপস্থিতিও বেশ কৌতূহলোদ্দীপক। তার নাম তিন অক্ষরের, জন্মদিন মাসের ৩ তারিখে। অভিনয়জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনাতেও রয়েছে এই সংখ্যার মিল। ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র ‘দোলা’তে ওমর সানীর সঙ্গে প্রথম জুটি বাঁধেন তিনি। পর্দার সেই সম্পর্ক একসময় বাস্তব জীবনেও রূপ নেয় দাম্পত্যে। অভিনয়জীবনের তৃতীয় বছরেই বিয়ে করেন ওমর সানীকে।

শুধু অভিনয় নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের ক্ষেত্রেও রয়েছে তিনের ছোঁয়া। ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রের জন্য ২০০১ সালে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরে ২০১৩ সালে ‘দেবদাস’ এবং ২০১৪ সালে ‘তারকাঁটা’ চলচ্চিত্রের জন্য একই স্বীকৃতি অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তিনটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন মৌসুমী। সময়ের সঙ্গে পর্দায় উপস্থিতি কমলেও দর্শকের ভালোবাসায় আজও তার অবস্থান অটুট। জন্মদিনে প্রিয়দর্শিনীর জন্য ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার বার্তাই যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে, তারকাখ্যাতির চেয়েও বড় হয়ে থাকে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।