_copy4.webp)

ছোট পর্দায় একাধিক নাটক ও টেলিফিল্মে একসঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধছেন তারা। তানবীর হাসানের পরিচালনায় নির্মিত হচ্ছে সারভাইভাল-অ্যাকশন থ্রিলার ঘরানার নতুন চলচ্চিত্র ‘যাযাবর’।
সম্প্রতি এই সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী ভাবনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শুটিং সেটে অভিনেত্রী ভাবনার কপাল ও মুখে কাটা দাগ এবং রক্তের মেকআপ। চারপাশের কলাকুশলীদের সঙ্গে হাসিমুখে ছবি তোলার মুহূর্ত শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'যাযাবর'-এর সেটে রাত ১টা ৩০ মিনিটে অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি চলছে। এটি একজন শিল্পীর এমন এক রূপ, যা সাধারণ মানুষ সবসময় দেখতে পান না। মূলত চরিত্রের প্রয়োজনে কতটা কষ্ট ও শ্রম দিতে হয়, সেটাই তুলে ধরেছেন এই অভিনেত্রী।
জানা গেছে, গভীর জঙ্গলে একটানা দিন-রাত রোমাঞ্চকর সব অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন তিনি। ‘যাযাবর’ চলচ্চিত্রটির পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা তানবীর হাসান নিজেই।
নির্মাতা জানান, এটি মূলত একটি সারভাইভাল থ্রিলার। পুরো সিনেমাটি রোমাঞ্চ, সাসপেন্স এবং ভরপুর ভায়োলেন্সে সাজানো। প্রতিটি দৃশ্যেই থাকবে শ্বাসরুদ্ধকর টানটান উত্তেজনা। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে প্রধান চরিত্রে নির্বাচন করা হয়েছে। এছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে।
সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রধান দুই অভিনয়শিল্পী। অভিনেতা সজল বলেন, 'সিনেমার গল্পের বুনন চমৎকার। ছোট পর্দায় একসঙ্গে কাজ করলেও বড় পর্দায় ভাবনার সঙ্গে এটিই আমার প্রথম সিনেমা। ভাবনা সবসময়ই চমৎকার অভিনয় করে। আশা করছি, দর্শক ভিন্নধর্মী এক অভিজ্ঞতার সাক্ষী হবেন।'
অন্যদিকে অভিনেত্রী ভাবনা জানান, 'সজল ভাই ভীষণ অভিজ্ঞ ও চমৎকার একজন সহ-শিল্পী। গল্পটি অসাধারণ এবং চরিত্রটির জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। সিনেমায় আমার এই রূপ দর্শকদের কাছে একেবারেই নতুন লাগবে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।'
বর্তমানে সিনেমাটির শুটিং পুরোদমে এগিয়ে চলছে। নির্মাতা ও পুরো টিম আশা করছে, চলতি বছরেই দর্শকদের সামনে ‘যাযাবর’-এর রোমাঞ্চকর জগৎ উন্মোচিত করা সম্ভব হবে।
শোবিজ নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।