home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পূজার সাজে মুগ্ধতা ছড়ালেন চার নায়িকা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১৫:৩৩

Facebook
Twitter

পূজার সাজে মুগ্ধতা ছড়ালেন চার নায়িকা

উৎসবের কিছু মুহূর্ত ছবিতে ধরা পড়ে, আর কিছু থেকে যায় কয়েকটি বাক্যের ভেতর। শারদীয় দুর্গোৎসবে ঢালিউডের তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মন্দিরা চক্রবর্তী, পরীমনি ও পূজা চেরীর সাম্প্রতিক পোস্টে মিলেছে এই দুইয়েরই দেখা। কারো সাজে সোনালি নকশার লাল শাড়ির আভিজাত্য, কারো পোশাকে ঐতিহ্যবাহী কাতানের জৌলুশ, আবার কারো সাদামাটা শাড়িতে উৎসবের সরল সৌন্দর্য । তবে, তাদের পোস্টের আরেকটি দিকও চোখে পড়ার মতো; শুভেচ্ছা ও প্রার্থনায় উঠে এসেছে শান্তি, সম্প্রীতি এবং সবার ভালো থাকার প্রত্যাশা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা উপলক্ষে দুটি পোস্ট দিয়েছেন বিদ্যা সিনহা মিম। একটিতে লিখেছেন ‘শুভ অষ্টমী’, অন্যটিতে ‘শুভ শারদীয়া’। তার লাল শাড়ির সাজে রয়েছে বাঙালির উৎসবের পরিচিত রূপ।

এর আগে ১৮ অক্টোবর সপ্তমীর সাজেও ছবি প্রকাশ করেছিলেন মিম। সোনালি পদ্মফুলের নকশা করা লাল শাড়ির সঙ্গে পরেছিলেন মানানসই ব্লাউজ ও সোনার গয়না। হাতে লাল চুড়ি, কপালে ছোট লাল টিপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর খোঁপায় সাদা ফুল—সব মিলিয়ে সাজে ছিল ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া।

নিজের আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার সঙ্গে সবার ভালো থাকার কামনাটুকুও পৌঁছে দেওয়া। সোনালি নকশার লাল শাড়িতে শারদীয় সাজে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

মিমের পোস্টে আলাদা করে দীর্ঘ কোনো বক্তব্য না থাকলেও তার দুটি ক্যাপশনেই রয়েছে উৎসবের শুভেচ্ছা। সাজের ছবি ও ছোট্ট বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

মন্দিরার শুভেচ্ছায় সম্প্রীতির প্রত্যাশা

অষ্টমীর রাতে পূজার একাধিক ছবি প্রকাশ করেন মন্দিরা চক্রবর্তী। কখনো সোনালি পাড়ের গোলাপি কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায়, কখনো লাল-কালো পোশাকে দেখা গেছে তাকে। দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল মুহূর্তের পাশাপাশি অন্য একটি প্রোফাইলে লাল শাড়িতে পারিবারিকভাবে পূজা উদযাপনের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।

তবে, মন্দিরার পোস্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক তার শারদীয় শুভেচ্ছাবার্তা। তিনি লিখেছেন, “শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।”

তার বার্তায় শুধু পূজার শুভেচ্ছা নয়, রয়েছে সবার জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রত্যাশা। বিশেষ করে ভালোবাসা ও সম্প্রীতির কথা তুলে ধরে মন্দিরা উৎসবের আনন্দকে বৃহত্তর মানবিক আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করেছেন।

অন্যদিকে, পূজা চেরীর অষ্টমীর সাজে ছিল সরলতার প্রাধান্য। লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়না; এই পরিচিত বাঙালি সাজেই ছবি প্রকাশ করেছেন ‘পোড়ামন ২’খ্যাত অভিনেত্রী।

পূজার ছবিতে দেখা গেছে, বাড়ির ভেতরে তৈরি পূজামণ্ডপের পাশাপাশি পুকুরপাড়েও ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। এর আগে সপ্তমীতে বনানীর একটি আলোচিত পূজামণ্ডপ থেকেও ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।

অষ্টমীর ছবির সঙ্গে পূজা লিখেছেন, “আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।”

পূজার এই লেখায় উঠে এসেছে দুঃখের অবসান, অন্ধকার দূর হওয়া এবং মানুষের মনে নতুন আশার আলো জ্বলে ওঠার প্রার্থনা। তার ছবিতে অনুসারীরাও ভালোবাসা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে’; আরেকজনের মন্তব্য, ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে’; অন্য একজন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।

দূর্গা সাজে পরীমনি

দুর্গার সাজে পরীমনির এই উপস্থিতি পূজার ফ্যাশনে যোগ করেছে ভিন্ন মাত্রা। সাধারণ শাড়ির সাজ থেকে দেবীর প্রতীকী রূপ—চার অভিনেত্রীর ছবিতে শারদীয় উৎসবের নানা অভিব্যক্তিই উঠে এসেছে।

উৎসবের দিনগুলো শেষ হয়ে গেলেও ছবিগুলো থেকে যায় স্মৃতি হয়ে। আর শুভেচ্ছাবার্তার আবেদন পোশাক কিংবা উৎসবের নির্দিষ্ট সময়ের গণ্ডি ছাড়িয়ে যায়। মিম, মন্দিরা ও পূজার শারদীয় পোস্টের সৌন্দর্যও সেখানেই—নিজের আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার সঙ্গে সবার ভালো থাকার কামনাটুকুও পৌঁছে দেওয়া।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।