home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১৮:২১

Facebook
Twitter

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সৌদি আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর পুরো বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের আলোচনা হয়েছে। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সৌদি আরবের আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, সৌদি কর্তৃপক্ষ দেশটির কারাগারে আটক ও গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় সংবলিত তালিকা নিয়মিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির নাম সরকারি তালিকায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতেও সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতেও বাংলাদেশি কর্মীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের মনোভাব ইতিবাচক। প্রতিকূলতা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন।

বিদেশে কোনো বাংলাদেশি প্রবাসী দুর্ঘটনায় পড়লে বা মারা গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে সৌদি আরবে নিহত এক বাংলাদেশি প্রবাসীর পরিবারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক মধ্যস্থতায় ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়েছে। ওই প্রবাসীর দুটি ছোট সন্তান রয়েছে। সোমবার তার স্বজনেরা ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছেন।

এ ছাড়া সৌদি আরবে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর পরিবারের সঙ্গেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

কাতারে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের গ্রেফতার এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ইন্টারপোল-সংক্রান্ত বিচারিক ও আইনি বিষয়গুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনগুলো অবগত রয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।