home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয়-মরদেহ দেশে আনা নিয়ে যা বললেন মন্ত্রী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১৮:২৫

Facebook
Twitter

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয়-মরদেহ দেশে আনা নিয়ে যা বললেন মন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বন্ধ আছে। এ কারণে সম্প্রতি সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মরদেহ দেশে আনতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পেশাগত পরিচয় সম্পর্কেও কথা বলেন।

সোমবার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তাদের পরিচয় নিশ্চিত হয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের মধ্যে একজনের বাড়ি বগুড়ায় আরেকজনের বাড়ি কুমিল্লায়।

তারা কি প্রবাসী কর্মী ছিল কি না-সাংবাদিকরা এমন প্রশ্ন করলে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একজন সেখানে অভিবাসী শ্রমিক ও অন্যজন সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন।

এর আগে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা। এ সময় নির্দিষ্ট দেশে অবস্থানকালে সে দেশের আইনের প্রতি সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয়পক্ষই বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে এখনো দেশটির কাছ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি সরকার। তিনি আরও জানান, এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনো সৌদি সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাইনি।

এর আগে, সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে যে, পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতর অনৈতিক কাজ করার অভিযোগে দেশটি দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয়ের বরাতে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত মসজিদের পবিত্রতা, যে প্রেক্ষাপটে অনৈতিক কাজ করা হয়েছে এবং তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ শাস্তি দিয়েছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।