_copy7.webp)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে দেওয়া নিজের এক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। একই সঙ্গে ওই মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। রাজনীতিতে পারস্পরিক সহনশীলতা, গঠনমূলক সমালোচনা ও পরিশীলিত ভাষার চর্চার ওপরও গুরুত্ব দেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ও কন্যা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিএনপি সরকারের মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তীর্যক ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছেন। এর প্রেক্ষাপটে কয়েক মাস আগে তিনি অসাবধানতাবশত একটি উদাহরণ দিতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।
নিজের সেই মন্তব্যের ব্যাখ্যায় রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে গিয়ে তার ব্যক্তিগত ক্ষোভও তিক্ততায় রূপ নিয়েছিল। তিনি দাবি করেন, এ বিষয়ে একে অপরের বিরুদ্ধে কথা না বলার জন্য নাসীরুদ্দীন তাকে ফোনও করেছিলেন। তবে কয়েক ঘণ্টা পর সেই প্রতিশ্রুতি আর রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, সম্প্রতি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নিয়েও নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের বিষয়টি সবাই দেখেছেন। এরপরও নাসীরুদ্দীনের মতো নোংরা ভাষার জবাব একই ধরনের ভাষায় দেওয়া তার ঠিক হয়নি বলে মনে করছেন দেশ-বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরা।
তিনি বলেন, তার ওই প্রতিক্রিয়ার উদ্দেশ্য ছিল ‘টিট ফর ট্যাট’-এর মতো জবাব দেওয়া। তবে ২০২৪ সালের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দেশ গঠন, মানবিক মর্যাদা এবং বৃহত্তর কল্যাণকে গুরুত্ব দেওয়াই সবার লক্ষ্য হওয়া উচিত।
নিজের অবস্থান পরিষ্কার করে রাশেদ খাঁন বলেন, তার পক্ষ থেকে যে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হয়েছে, তা তিনি প্রত্যাহার করছেন এবং ভবিষ্যতে নিজেকে সংশোধনের প্রত্যয় ব্যক্ত করছেন। একই সঙ্গে গঠনমূলক সমালোচনার পাশাপাশি রাজনীতিতে সহনশীল ও পরিশীলিত পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক অভিযাত্রায় তিনি সবসময় সহনশীল থাকার এবং ভাষা ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সবশেষে তিনি বলেন, ঘৃণা ছড়িয়ে কেউই লাভবান হতে পারবে না। বরং এর মাধ্যমে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে অপেক্ষায় থাকা গোষ্ঠীই লাভবান হবে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।