_copy7.webp)

চীনের হুলুনবুইরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে দুর্দান্ত এই জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের মেয়েরা। এখন তাদের সামনে উঁকি দিচ্ছে অনূর্ধ্ব-২০ নারী হকি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও।
জুনিয়র এশিয়া কাপ থেকে চারটি দল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে ভারত যদি বিশ্বকাপের আয়োজক হয়, তাহলে পঞ্চম দল হিসেবেও বাংলাদেশের সুযোগ তৈরি হতে পারে। কোচ জাহিদ হোসেন রাজুর মতে, এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও বিভিন্ন দলের সংশ্লিষ্টরাও বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথা বলছেন।
রাজু বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে, আমরা পঞ্চম হলে বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’
মালয়েশিয়ার বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ।
চতুর্থ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা। দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর কোয়ার্টার ফাইনালে এলিট গ্রুপের শক্তিশালী জাপানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরেছে বাংলাদেশ। জাপানের বিপক্ষে আরও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো ফল করা সম্ভব ছিল বলে মনে করেন কোচ রাজু।
তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। এলিট গ্রুপের জাপানের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করেছি। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’
রাজুর অধীনে বাংলাদেশ নারী হকি দল এবার প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে। সেই দলের পাশাপাশি জুনিয়র মেয়েদের এমন পারফরম্যান্স দেশের নারী হকির ভবিষ্যৎ নিয়েও আশাবাদ তৈরি করেছে। এদিকে শনিবার বিকেলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের পুরুষ দল।
খেলা নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।