_copy7.webp)
.webp&w=2048&q=75)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। হামলাকারী অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, তাদের ছাত্রত্ব বা সনদ বাতিল এবং নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারী সাংবাদিক ও শিক্ষার্থীরা। এসব দাবিতে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদসহ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাজশাহী ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, বিডিনিউজ২৪ ডটকমের আরিফুজ্জামান কোরবান এবং সমকালের মাইনুল ইসলাম রাজু।
হামলার পর বিক্ষুব্ধ সাংবাদিক ও শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। তাদের অভিযোগ, হামলার সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও তারা নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এমনকি হল প্রাধ্যক্ষ ঘটনার সিসিটিভি ফুটেজ দিতেও অস্বীকৃতি জানিয়েছেন।
বিক্ষোভকারীরা সোমবার দুপুরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং রাতের মধ্যে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। পরে রাত দেড়টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুনুর রশীদ আশ্বাস দেন যে, সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে এবং অন্য দাবিগুলো ধাপে ধাপে পূরণ করা হবে।
এদিকে, এ ঘটনার তদন্তে কেন্দ্রীয় ছাত্রদল দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে অভিযুক্ত রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব হামলার অভিযোগ অস্বীকার করে ফেসবুকে দাবি করেছেন, তারা শহীদ জিয়াউর রহমান হলে এক সাবেক ছাত্রলীগ নেতাকে ধরতে গেলে শিবিরের সঙ্গে যুক্ত কয়েকজন সাংবাদিক তাদের ওপর হামলা করতে আসেন এবং ছাত্রদল কেবল তা প্রতিরোধ করেছে।
এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল। আহত সাংবাদিকরা সবাই এ বিভাগের শিক্ষার্থী। প্রতিবাদে সোমবার বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন এবং সকাল ১১টায় বিভাগের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন।
শিক্ষা নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)






.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।