_copy7.webp)

‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রে বাংলাদেশেও তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী। এবার ঢাকায় এসে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন তিনি। রাজধানীর একটি জমকালো ফ্যাশন শোতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস।
শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে নুসরাত ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন শোতে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নুসরাত ফারিয়া একটি ঐতিহ্যবাহী জামদানি মোটিফের গাঢ় বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গা চোলি পরেছেন। মাথায় ভারী টিকলি, গলায় চওড়া নেকলেস, কানে ঝুমকো এবং হাতে সোনালি চুরিতে তাকে রাজকীয় দেখাচ্ছে।
ছবি শেয়ার করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’
অন্যদিকে, পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওয়াহাজ আলীকে দেখা যায় ডার্ক নেভি ব্লু কালারের ফরমাল স্যুট এবং প্যান্টে, সঙ্গে নেভি ব্লু কালারের শার্ট পরিহিত অবস্থায়। ক্লিন-শেভড ও স্টাইলিশ লুকে তাকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে, বিশেষ করে তার স্থির ও গম্ভীর ব্যক্তিত্ব মুরতাসিম চরিত্রের কথাই যেন মনে করিয়ে দেয়।
ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে ভক্ত ও অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই ছবির নিচে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘পুতুলের মতো লাগছে।’ কেউ বলেছেন, ‘ওয়াও, দেখতে দারুণ লাগছে।’ অনেকে দুজনকে একসঙ্গে দেখে সিনেমা করার প্রস্তাবও দিয়েছেন। একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘এবার তাহলে ওয়াহাজের সঙ্গে একটা সিনেমা করে ফেলো।’
ওয়াহাজ আলী পাকিস্তানের টেলিভিশন নাটকে একটি জনপ্রিয় নাম। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে তার অভিনয়ে অভিষেক হয়। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে, ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ আলী এবং তার বিপরীতে মীরব চরিত্রে অভিনয় করেন ইয়ুমনা জায়েদি। তাদের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত নাটকটি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির মাধ্যমেই ওয়াহাজ আলীর পরিচিতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২ ও ৩ অক্টোবর রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ উপস্থিত ছিলেন ওয়াহাজ আলী। এই বিশেষ অনুষ্ঠানেই তার সঙ্গী হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
শোবিজ নিয়ে আরও পড়ুন


%20(1).webp&w=2048&q=75)
%20(1).webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।