_copy7.webp)

গেল মাসে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এ অভিনেতার ৫ মিনিটের ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। গুঞ্জন উঠেছিল ব্যাচেলর পয়েন্টের নতুন পর্ব থেকে বাদ পড়ছেন তিনি। যদিও মঙ্গলবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টারে দেখা গেছে পাভেলকে।
এদিকে ভিডিও ভাইরালের প্রায় এক মাসেরও বেশি সময় পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যাচেলর পয়েন্টের সেটের একটি ছবি প্রকাশ করেছেন। পোস্টে দেখা যায়, একটি কালো রঙের ম্যানিকুইনের (পুতুল) সামনে দাঁড়িয়ে আছেন পাভেন। ম্যানিকুইনটি মুলত ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে দেখা যায়। পুতুলটির গায়ে নীল রঙের কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে, মুখে একটি জোকার মাস্ক এবং পরনে ব্যাঙের প্রিন্ট করা আন্ডারওয়্যার।
ম্যানিকুইনের দিকে হাস্যরসাত্মক অভিব্যক্তি দিয়ে তাকিয়ে আছেন পাভেল। ক্যাপশনে লিখেছেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল (পরের শব্দ প্রকাশযোগ্য না)।
পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘জাকির ভাই কামব্যাক দিলেন নাকি?’ অন্য একজন লিখেছেন, ‘অভিনয়ে প্রতিদিন ভালো করছেন পাভেল, শুভকামনা।’
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
মীরাক্কেল থেকে দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করলেও শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি। এই ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
এছাড়া অমির পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেও তিনি দারুণ প্রশংসা কুড়িয়েছেন।
শোবিজ নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।