home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৬

Facebook
Twitter

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর কোচ মরিসিও পচেত্তিনোর জাতীয় দলে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে আছেন এই তরুণ মিডফিল্ডার।

২০২৬ বিশ্বকাপের পর এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কাভান। এখন পর্যন্ত করেছেন ৬ গোল, সঙ্গে ৮টি অ্যাসিস্ট। তার এই পারফরম্যান্সই জাতীয় দলের কোচ পচেত্তিনোর নজরে এনেছে তাকে।

সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডো সামনে রেখে যুক্তরাষ্ট্র জাতীয় দলের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। এই সময়ে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল জানিয়েছেন, সেই দলে কাভানকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল কাভানের। এরপর থেকেই তাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালের মে মাসে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে পেশাদার চুক্তি করেন তিনি। সেই চুক্তিতে ১৮ বছর বয়সে পৌঁছানোর পর ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সুযোগও রাখা হয়েছে।

জাতীয় দলে ডাক পাওয়ার আগে অবশ্য ভিন্ন এক কারণে আলোচনায় এসেছিলেন কাভান। সেপ্টেম্বরের শুরুতে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেললে দলকে গুরুত্বপূর্ণ কিছু দিতে পারতেন বলে তার বিশ্বাস। বিশ্বকাপে শেষ ষোলো থেকে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।

কাভানের সেই মন্তব্যের পর পচেত্তিনোও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রতিভাবান ও আত্মবিশ্বাসী খেলোয়াড়দের তারা পর্যবেক্ষণে রাখেন। তবে মাঠে পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করার ওপরই বেশি গুরুত্ব দেন তিনি।

আসন্ন আন্তর্জাতিক সূচিতে কাভান মাঠে নামলে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের হয়ে অভিষেক করা চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন। সবচেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেকের রেকর্ডটি ফ্রেডি আদুর। ২০০৬ সালে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের সময় আদুর বয়সে কাভানের চেয়ে কয়েক মাস ছোট ছিলেন।

তবে জাতীয় দলে অভিষেকের আগেই একটি বড় রেকর্ড নিজের করে নিয়েছেন কাভান। ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে অভিষেকের সময় তিনি উত্তর আমেরিকার বড় পেশাদার ক্রীড়া লিগগুলোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন।

কাভান অবশ্য ‘সুলিভান পরিবারের’ একমাত্র ফুটবলার নন। তার দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। একই পরিবারের ফুটবল প্রতিভার আরেক প্রতিনিধি কাভান এখন অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সি গায়ে তোলার।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।